পাইকারি বাজারে ঘণ্টায় ঘণ্টায় দর ওঠানামা করে। আমদানি মূল্য, বাজারে জোগান, চাহিদাসহ নানা বিষয় পণ্যের দামে প্রভাব ফেলে। তবে এবার সরকার নির্ধারিত দরে পাইকারি বাজারে সয়াবিন ও পামতেল বেচাকেনা করার আহ্বান জানিয়েছেন খাতুনগঞ্জ বাণিজ্য ও শিল্প সমিতির নেতারা।
চট্টগ্রামের খাতুনগঞ্জে সংগঠনটির কার্যালয়ে আজ বৃহস্পতিবার এক মতবিনিময় সভায় এই আহ্বান জানান চট্টগ্রাম চেম্বার সভাপতি মাহবুবুল আলম। তিনি খাতুনগঞ্জ বাণিজ্য ও শিল্প সমিতিরও সভাপতি। এ সময় খাতুনগঞ্জের অর্ধশতাধিক ব্যবসায়ী উপস্থিত ছিলেন।
মাহবুবুল আলম ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘আপনারা সরকার নির্ধারিত দরেই কারখানা থেকে ভোজ্যতেল কিনুন। আবার বিক্রির সময়ও সরকার নির্ধারিত দরের চেয়ে বেশি দরে বিক্রি করবেন না।’ নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহব্যবস্থা যাতে ঠিক থাকে সে জন্য তিনি সবার প্রতি আহ্বান জানান।