মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সাভারের জাতীয় স্মৃতিসৌধ-এ বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার (২৬ মার্চ) ভোর ৬টার দিকে তারা পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে এই শ্রদ্ধা জানান। পুষ্পস্তবক অর্পণের পর মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন।
এসময় বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর সমন্বয়ে গঠিত একটি চৌকস দল রাষ্ট্রীয় অভিবাদন প্রদান করে।
রাষ্ট্রপতির আনুষ্ঠানিক শ্রদ্ধা নিবেদনের পরপরই মন্ত্রিপরিষদ সদস্যদের সঙ্গে নিয়ে পুনরায় শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান।
প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের তথ্যমতে, জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে সকাল ৭টার মধ্যে ঢাকায় ফিরে জিয়াউর রহমানের সমাধি-এ (বীর উত্তম) এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানানোর কথা রয়েছে।
এছাড়া সকাল ৯টা ৪৫ মিনিটে জাতীয় প্যারেড গ্রাউন্ডে আয়োজিত ‘কুচকাওয়াজ অনুষ্ঠানে’ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী উপস্থিত থাকবেন।