রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শুক্রবার (১৩ মার্চ) দুপুর ২টা ২০ মিনিটে তিনি সেখানে পৌঁছান। এ সময় তিনি মির্জা আব্বাসের শয্যাপাশে কিছুক্ষণ অবস্থান করেন এবং তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন। পাশাপাশি উন্নত চিকিৎসার জন্য দ্রুত সিঙ্গাপুরে নেওয়ার বিষয়ে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেন।
দলীয় সূত্রে জানা গেছে, উন্নত চিকিৎসার জন্য শুক্রবার সন্ধ্যা ৬টায় এয়ার অ্যাম্বুলেন্সে করে মির্জা আব্বাসকে সিঙ্গাপুরে নেওয়া হবে। সেখানে সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে নিউরোসায়েন্স বিভাগে তাকে ভর্তি করানো হবে।
এর আগে গত বুধবার (১১ মার্চ) ইফতারের সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে মির্জা আব্বাসকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।
হাসপাতালে এ সময় উপস্থিত ছিলেন মির্জা আব্বাসের সহধর্মিণী ও জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাসসহ কর্তব্যরত চিকিৎসকেরা।